সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সরকারের ‘যুব সাথি’ কর্মসূচিকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রচার বাড়াচ্ছে শাসক শিবির। তাদের দাবি, এই উদ্যোগ তরুণদের আর্থিক সহায়তা ও দক্ষতা বৃদ্ধির পথে নতুন দিগন্ত খুলেছে। তবে এরই পাল্টা কর্মসূচি হিসেবে মাঠে নামছে ভারতীয় জনতা পার্টি গেরুয়া শিবিরের তরফে শুরু হচ্ছে ‘যুব আড্ডা’, যেখানে জেলায় জেলায় গিয়ে সরাসরি তরুণ সমাজের সঙ্গে কথা বলবেন নেতারা।
বিজেপির বক্তব্য, বেকার ভাতা নয় রাজ্যের যুবসমাজ চায় স্থায়ী চাকরি ও কর্মসংস্থানের নিশ্চয়তা। তাদের প্রশ্ন, অস্থায়ী ভাতা দিয়ে কি দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান সম্ভব? শিল্পায়ন, বিনিয়োগ এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিয়েই মূলত জোর দিচ্ছে পদ্ম শিবির।
অন্যদিকে তৃণমূলের দাবি, কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতেও রাজ্য সরকার তরুণদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ফলে ‘যুব সাথি’ বনাম ‘যুব আড্ডা’ ঘিরে রাজনৈতিক তরজা ক্রমেই তীব্র হচ্ছে। আগামী দিনে এই ইস্যুই রাজ্যের যুব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।

