নিজস্ব সংবাদদাতা,আরএনবি: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় রাস্তা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ।খোলা জায়গায় পড়ে থাকা কেমিক্যাল ভর্তি একটি ড্রামে আচমকাই বিস্ফোরণ ঘটে। ঘটনায় ঝলসে যায় ৪ শিশু।তাদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে এম আর বাঙুর হাসপাতাল-এ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এলাকায় রাস্তার কাজ চলছিল।সেই সময়ই শ্রমিকদের কাছাকাছি পড়ে থাকা একটি ড্রামে বিস্ফোরণ ঘটে।আশপাশে খেলছিল কয়েকজন শিশু।বিস্ফোরণের তীব্রতায় তারা গুরুতরভাবে দগ্ধ হয়।তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কীভাবে খোলা জায়গায় কেমিক্যাল ভর্তি ড্রাম?
সবচেয়ে বড় প্রশ্ন উঠছে,কীভাবে জনবসতিপূর্ণ এলাকায় খোলা অবস্থায় পড়ে ছিল কেমিক্যাল ভর্তি ড্রাম?রাস্তার কাজের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থা কি নিরাপত্তা বিধি মানেনি?ড্রামটি আদৌ নির্মাণকাজের অংশ ছিল,নাকি আগে থেকেই সেখানে ফেলে রাখা ছিল?প্রশাসনের নজরদারিতে গাফিলতি ছিল কি?
স্থানীয়দের অভিযোগ,নির্মাণস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শিশুদের অবাধ যাতায়াতও আটকানো হয়নি।এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন বাসিন্দারা।প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।এখন প্রশ্ন উঠছে দায়িত্ব নিয়ে।কেমিক্যালে ঝলসে গেল শৈশব।এই ঘটনার দায় কার,ঠিকাদার সংস্থা,স্থানীয় প্রশাসন,না অন্য কেউ?তদন্তের রিপোর্টই দেবে উত্তর।তবে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি যে বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে,ভাঙড়ের এই ঘটনা যেন তারই নির্মম উদাহরণ।

