নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বুধবার সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে শালিমার রেলওয়ে স্টেশন আসার পথে তিন নম্বর প্ল্যাটফর্মে একটি লোকাল ট্রেনের কামরা লাইনচ্যুত হয়।
দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। তাই এই ঘটনায় কেউ হতাহত হননি।
রেল সূত্রে জানা গিয়েছে, ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মের ধার ঘেঁষে ঘষতে ঘষতে এগিয়ে যায়। এতে প্ল্যাটফর্মের একাংশ ভেঙে যায়।
ঘটনার পরেই লাইনচ্যুত কামরাটি সরানোর কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়াররা উপস্থিত রয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।


