নিজস্ব সংবাদদাতা: আগামীকাল প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীদের মনে এখন উৎকণ্ঠা, তবে প্রস্তুত শিক্ষা দফতর ও পর্ষদ। রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থী ও অভিভাবকের নজর এখন পর্ষদের ঘোষণার দিকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকাল থেকেই ওয়েবসাইট ও স্কুলের মাধ্যমে ফল জানা যাবে বলে জানিয়েছে West Bengal Board of Secondary Education। । গত সপ্তাহেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রেজাল্ট আউটের দিন ঘোষণা করেছে। পরীক্ষা শেষের ৮৫ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ৮ মে সকাল ৯.৩০টা নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর সকাল ১০.১৫ নাগাদ ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। ফলাফল জানতে wbresults.nic.in এবং wbbse.wb.gov.in ভিজিট করতে হবে। সকাল ১০.৩০টার পর স্কুলগুলিতে পাওয়া যাবে মার্কশিট এবং সার্টিফিকেট। পরীক্ষার্থীরা ফলাফল জানতে এবং মার্কশিট ডাউনলোড করতে উপরের ওয়েবসাইটগুলি ব্যবহার করতে পারবেন। ইন্টারনেটের সমস্যা থাকলে এসএমএস (SMS)-এর মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ থাকছে। ওয়েবসাইটে কোন টেকনিক্যাল কারণে ফলাফল দেখতে অসুবিধা হলে ছাত্রছাত্রীরা এসএমএস-এর (SMS) মাধ্যমেও দ্রুত ফলাফল জানতে পারবে। এর জন্য মোবাইলের মেসেজ বক্সে গিয়ে WB 10 <রোল নম্বর> লিখে পাঠাতে হবে ৫৬০৭০, ৫৬২৬৩ অথবা ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়াও গুগল প্লে-স্টোর থেকে অফিসিয়াল মোবাইল অ্যাপ ডাউনলোড করে সরাসরি রেজাল্ট দেখার সুযোগ থাকছে। অনলাইনে ফলাফল দেখতে এবং মার্কশিট ডাউনলোড করতে হলে শিক্ষার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ প্রবেশ করতে হবে।হোমপেজে থাকা ‘Madhyamik 10th marksheet PDF’ লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর নির্দিষ্ট স্থানে নিজের রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং জন্ম তারিখ (Date of Birth) দিয়ে লগ-ইন করতে হবে। এবার স্ক্রিনে মাধ্যমিকের স্কোরকার্ডটি দেখা যাবে। সেখান থেকেই মার্কশিটটি ডাউনলোড করা যাবে। ভবিষ্যতের জন্য মার্কশিটটির একটি প্রিন্টআউট করে রাখা ভাল। তবে পর্ষদ জানিয়েছে, অনলাইনের এই মার্কশিটটি সাময়িক; মূল মার্কশিট ও শংসাপত্র পরবর্তীকালে স্কুল থেকে সংগ্রহ করতে হবে। পর্ষদের সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ হওয়ার পরেই খুব দ্রুত খাতা দেখার কাজ শুরু হয়। গত নভেম্বর থেকে যে ভাবে শিক্ষকেরা এসআইআর-সহ নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন সেখানে আশঙ্কা ছিল পরীক্ষা শেষ করা এবং ফলপ্রকাশে দেরি হতে পারে। কিন্তু যে ভাবে সময়ের মধ্যে সব খাতা জমা পড়ে গিয়েছিল তাতে আশা প্রকাশ করা গিয়েছিল যে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা যাবে। পরীক্ষার নাম্বার এপ্রিলেই পর্ষদ অফিসে জমা পড়ে গিয়েছিল। এখন আর শুধু কিছু সময়ের অপেক্ষা।


